ঢাকাSunday , 16 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্রুত প্রো-ভিসি ও কোষাধ্যক্ষ নিয়োগের দাবি

Link Copied!

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্রুত উপ-উপাচার্য (প্রো-ভিসি) ও কোষাধ্যক্ষ নিয়োগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শনিবার শিক্ষক সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রায় চার মাস ধরে বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ও দুই মাস ধরে কোষাধ্যক্ষ পদ শূন্য রয়েছে। এতে প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত চার মাসের অধিক সময় ধরে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদ শূন্য রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে মারাত্মক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই অচলাবস্থা থেকে মুক্তি পেতে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় সমিতির কার্যকরী সংসদের সভায় অবিলম্বে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
এ দিকে শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজন উপ-উপাচার্য (প্রশাসনিক ও শিক্ষা) নিয়োগ দেওয়া হয়। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাত্র একজন উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এতে উপাচার্যের ওপর চাপ বেশি পড়ে এবং প্রশাসনিক কাজে ধীরগতি দেখা দেয়। কিন্তু সে পদও খালি রয়েছে গত চার মাস থেকে। এ ছাড়া কোষাধ্যক্ষ না থাকায় দপ্তরের রুটিন ওয়ার্কগুলো থমকে আছে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘বর্তমানে কোষাধ্যক্ষ না থাকায় বেশি সমস্যা হচ্ছে। শিক্ষকদের গ্রেড উন্নয়ন থেকে শুরু করে অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া উপ-উপাচার্য না থাকায় উপাচার্যের ওপর চাপ দিন দিন বাড়ছে। তাই আমরা সরকারের কাছে দ্রুত এ পদ পূরণের দাবি জানিয়েছি।’
প্রসঙ্গত, গত ১৯ মার্চ উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানের মেয়াদ শেষ হয়। এর প্রায় দুই মাস পর ৭ মে উপাচার্য হিসেবে অধ্যাপক আব্দুস সোবহানকে নিয়োগ দেওয়া হলেও উপ-উপাচার্য পদ পূরণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এরপর ৫ মে কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদের মেয়াদ শেষ হয়।