নিজস্ব প্রতিবেদক : গত বছর জাতীয় পার্টির (জাপা) আয়ের থেকে ব্যয় বেশি হয়েছে। গত বছরে দলটির আয় হয়েছে ৭৩ লাখ ৬০ হাজার ৫০০ টাকা। আর ব্যয় ১ কোটি ৫ লাখ ৮৩ হাজার ৩০৩ টাকা। রোববার দুপুরে জাতীয় পার্টির পক্ষ থেকে দলটির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহর কাছে এই আয় ব্যয়ের হিসাব দেন। সেই হিসাব থেকেই এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশনে দেওয়া হিসাব অনুযায়ী দলটি গত বছর আয় করেছে ৭৩ লাখ ৬০ হাজার ৫০০ টাকা। আর ব্যয় ১ কোটি ৫ লাখ ৮৩ হাজার ৩০৩ টাকা। হিসাব অনুযায়ী ব্যয় বেশি হয়েছে ৩২ লাখ ২২ হাজার ৮০৩ টাকা। আর বর্তমানে হাতে জমা রয়েছে ৫ লাখ ৯৭ হাজার ২৩১ টাকা।
দলটির আয় দেখানো হয়েছে ৯টি খাত থেকে। আর ব্যয় হয়েছে ১৭টি খাতে। হিসাব অনুযায়ী দলটির মূলত আয় হয়েছে সদস্য, কর্মী, কার্যউপদেষ্টা পরিষদের চাঁদা, মনোনয়নের ফরম বিক্রি, বিভিন্ন সংস্থার অনুদান, দলের পত্রিকার সাময়িকী, বইপত্র বিক্রি, দলের বিভিন্ন সংস্থা এবং সেবামূলক প্রতিষ্ঠান হতে।
আর ব্যয় হয়েছে প্রাতিষ্ঠানিক বিদ্যুৎ, ওয়াসা গ্যাসসহ ইউটিলিটি বিল, সভা, প্রচারণা, সাংগঠনিক কার্যক্রম, বিজ্ঞাপন, প্রকাশনা কার্যক্রম, জাতীয় বিভিন্ন দিবস উৎযাপন, ত্রাণ কার্যক্রম, ভ্রমণ, ধর্মীয় বিশেষ অনুষ্ঠান, আপ্যায়ন, স্থায়ী ও অস্থায়ী সম্পদ ক্রয় ইত্যাদি থেকে।
নিয়ম অনুযায়ী ৩১ জুলাইয়ের মধ্য বিগত বছরের আয় ব্যয়ের হিসাব ইসিতে দেওয়ার বাধ্যবাধতা রয়েছে। কোনো রাজনৈতিক দল পর পর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে কমিশন চাইলে তাদের নিবন্ধন বাতিল করতে পারে। দলটির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নুরু ও যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান এ সময় উপস্থিত ছিলেন।

