শেকৃবি প্রতিনিধি : নেতৃত্বের নতুন চমক নিয়ে আসছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। কে কে আসছেন ছাত্রলীগের নতুন কমিটিতে তা নিয়ে কৌতূহলের শেষ নেই দলীয় নেতা-কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের। যে কোনো দিন এ কমিটি ঘোষণা করা হবে।
এদিকে, নতুন কমিটি ঘোষণা নিয়ে উৎকণ্ঠায় আছেন পদপ্রার্থীরা। কাঙ্খিত পদ পেতে কেন্দ্রীয় নেতাদের দিকে দৌড়ঝাপ শুরু করেছেন পদপ্রার্থীরা। আসন্ন নতুন কমিটিকে কেন্দ্র করে ক্যাম্পাসে দলে দলে শোডাউন দেখা যাচ্ছে।
উল্লেখ্য, গত ১৪ জুন বিকাল ৩ ঘটিকায় টেন্ডারকে কেন্দ্র করে শেকৃবি ছাত্রলীগের সভাপতি নাজমুল হক ও সাধারণ সম্পাদক দেবাশীষ দাসের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে রক্তাক্ত হন দুজনেই। পরে শেকৃবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
শেকৃবি শাখা ছাত্রলীগের নতুন কমিটির বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ জানান, বিশৃঙ্খলা সৃষ্টির কারণে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। চলতি মাসেই নতুন কমিটি ঘোষণা করা হবে। তবে নতুন কমিটিতে বিতর্কিত কেউ স্থান পাবে না।

