ঢাকাThursday , 6 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্ভিক্ষের পদধ্বনি দেখছে বিএনপি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : লুটপাটের কারণে দেশের খাদ্য মজুদ ‘শূন্য পরিস্থিতিতে রয়েছে’ দাবি করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দুর্ভিক্ষের পদধ্বনি দরজায় নাড়া দিচ্ছে।’ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘দেশের উত্তর-পূর্বাঞ্চল এখন বন্যায় ভাসছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও উজানের পানির ঢলে প্লাবিত। এলাকার মানুষ অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। বানভাসী মানুষ ত্রাণের জন্য হাহাকার করছে।’
তিনি বলেন, ‘লুটপাটের কারণে রাষ্ট্রীয় খাদ্যভাণ্ডারগুলো এখন যে শূন্য সেটি প্রমাণ হচ্ছে। দেশের বর্তমান যে অবস্থা তাতে ৭৪ এর দুর্ভিক্ষের পদধ্বনি আবারও দরজায় নাড়া দিচ্ছে।’
সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই গুম, অপহরণ, অবৈধভাবে আটক, বিচার বহির্ভুত হত্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘দুঃশাসনের বিষাক্ত ছোবলে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা, লেখক, কবি, সাহিত্যিক, মানবাধিকার কর্মী, শ্রমিক নেতা, পেশাজীবীসহ সাধারণ মানুষ ক্ষতবিক্ষত হচ্ছে।’
তিনি বলেন, ‘ফরহাদ মজহারের ঘটনায় এখন জাতি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত। এই ট্রমা শুধু ফরহাদ মজহারকেই আক্রান্ত করেনি, দেশবাসীকে করেছে। ফরহাদ মজহার অপহরণকে নিছক সন্ত্রাসীদের অপহরণ বলে চালানোর অপচেষ্টা করে সরকার ও দেশের আইনশৃঙ্খলা বাহিনী যে সমস্ত অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলেছে তা নাটকের যবনিকার অন্তরালে প্রকৃত ঘটনা ক্রমাগতভাবে আড়াল করার চেষ্টা হচ্ছে বলে দেশবাসী মনে করে।’
বাংলাদেশে গুম নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনের প্রসঙ্গ ধরে রিজভী বলেন, ‘বাংলাদেশের মানুষের বেঁচে থাকা, নিরাপদে জীবনযাপন ও ন্যায় বিচার নিশ্চিত করতে হলে আন্তর্জাতিক তদন্ত ছাড়া কোনো গত্যন্তর নেই। প্রতিটি জনপদে জনপদে, বাড়িতে বাড়িতে মৃত্যু ভয়, গুমের ভয়, অপহরণের ভয়, নিখোঁজের ভয়, বিনা বিচারে আটকের ভয় নিয়ে গভীর আশঙ্কায় মানুষ জীবন যাপন করছে।’
বন্যাউপদ্রুত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় ক্ষুধাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী।