কালিগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি : ঈদের কেনাকাটা নিয়ে ঝগড়ার রেশ চলছিল ঈদের পরেও। এরই জের প্রথমে স্ত্রী আত্মহত্যা করে। পরে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখে স্বামীও আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল গ্রামে। আত্মহননকারী দম্পতি হলেন-আব্দুল জলিল ও নিলুফা আক্তার।
স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলার গোড়ল গ্রামের জসিম উদ্দিনের ছেলে আব্দুল জলিলের সঙ্গে দুই মাস আগে বিয়ে হয় আদিতমারী উপজেলার কমলাবাড়ী গ্রামের আব্দুর রহমানের মেয়ে নিলুফা আক্তারের। ঈদের দুই দিন আগে থেকে তাদের মধ্যে কেনাকাটা নিয়ে ঝগড়া চলছিল। ঈদের পরও এ নিয়ে ঝগড়া হয়েছে উভয়ের মধ্যে। বৃহস্পতিবার বিকালে নিলুফা তার স্বামীকে বাবার বাড়ি যাওয়ার কথা বললে জলিল যেতে অস্বীকার করেন। এ ঘটনায় রাগ করে প্রথমে নিলুফা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখে জলিলও ওই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
দুপুরে আব্দুল জলিলের মা পুত্র ও ছেলের বউয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি শুরু করলে প্রতিবেশিরা এসে ঘরের বেড়া কেটে ঘরে ঢুকে গলায় ওড়না পেচানো অবস্থায় দুজনকে মৃত দেখতে পায়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানায় অবহিত করা হলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরে লাশ দুটি লালমনিরহাট মর্গে পাঠানো হয়।
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার হোসেন শহীদ সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে।

