গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসী গ্রামে সাবেক দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। মহিলাসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। এছাড়া সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িতে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে ফলসী গ্রামে সাবেক দুই চেয়ারম্যান মোখলেচুর রহমান মাস্টার (মকু) এবং হাজী কাজী নওশের আলীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দায়ের কোপে আরিফ নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। তিনি মোকলেচুর চেয়ারম্যানের সমর্থক বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন মহিলাসহ উভয়পক্ষের অন্তত ১০ জন। তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

