ঢাকাSunday , 18 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেষ হলো জাতীয় ফল মেলা

Link Copied!

প্রদর্শনীর স্টলে দর্শনার্থীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খামারবাড়িস্থ আ. কা. মু. গিয়াস উদ্দিন মিল্কী অডিটরিয়াম চত্বরে ৩দিনব্যাপী ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী আজ রোববার সমাপ্ত হয়েছে। এ বছর প্রদর্শনীর মূল প্রতিপাদ্য ছিল ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’।
প্রদর্শনীর সমাপনী দিনে আ. কা. মু. গিয়াস উদ্দিন মিল্কী অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. মোশারফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. গোলাম মারুফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের পরিচালক কৃষিবিদ মো. কুদরত-ই-গনী।
ফল প্রদর্শনীতে অংশগ্রহণকারী স্টল, ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, প্রগতিশীল কৃষক, প্রতিষ্ঠান পর্যায় ও সর্বোচ্চ ফলদ বৃক্ষ রোপনকারী জেলাকে পুরস্কৃত করা হয়। প্রদর্শনীতে আমসহ বাহারি ফল প্রদর্শনের জন্য স্টল হিসেবে প্রথম স্থান অর্জন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), সরকারি স্টল হিসেবে দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। তৃতীয় স্থান অর্জন করে যৌথভাবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও কৃষি বিপনন অধিদপ্তর (ড্যাম)। বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে সুপার চেইন শপ আগোরা, স্বপ্ন ও প্রাণ আর আফ এল। ব্যক্তি পর্যায়ে চট্টগ্রামের মো. ওয়াহিদুল আলম, খাগড়াছড়ির সুজন চাকমা ও খুলনার বাবু অখিল বন্ধু ঘোষ যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেন। ঢাকা শহরে বাড়ির ছাদে ফল বাগান সৃজনে বিশেষ সফলতার জন্য পুরস্কার পান মিরপুরের মো. মামুনুর রশিদ, ধানমন্ডির সহিদুল কবির, রমনার এস এ জাহান ও মোহাম্মদপুরের নাজ তাহের। প্রতিষ্ঠান পর্যায়ে খাগড়াছড়ির সজীব এগ্রো ফার্মকে পুরস্কার প্রদান করা হয়। সর্বোচ্চ ফলদ বৃক্ষ রোপনকারী জেলা হিসেবে পটুয়াখালী, সাতক্ষীরা ও নাটোর যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে। এবারের মেলায় মোট স্টলের সংখ্যা ছিলো ৭৮টি। কৃষি তথ্য সার্ভিসসহ অংশগ্রহণকারী সকল স্টলকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। মেলায় আমের ৬০টির অধিক প্রজাতিসহ প্রায় ১৫২ প্রজাতির ফলের একাধিক জাত প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, গত ১৬ জুন আ. কা. মু. গিয়াস উদ্দিন মিল্কী অডিটরিয়াম চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।