কুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির সাংবিধানিক সরকারের বিকল্প প্রস্তাব চক্রান্তমূলক। তিনি বলেন, আসলে এটা সাংবিধানিক সরকারের বদলে বিএনপি-জামাত ও খালেদার সাহায্যকারী সরকার তৈরির প্রস্তাব। সুতরাং কাউকে সাহায্য করার জন্য কোনো সরকার নির্বাচনের সময় তৈরি হবে না।
শনিবার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ‘বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব না’ মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, খালেদা জিয়া এবং বিএনপি যদি মনে করেন বিএনপি অংশগ্রহণ করলে নির্বাচন হালাল হবে আর অংশগ্রহণ না করলে বানচাল হয়ে যাবে তা শুধু ফাঁকাগুলি। খালেদা জিয়া এবং বিএনপি নির্বাচন হালালের কোনো সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা রাখে না।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

