চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় ভয়াবহ পাহাড় ধসের আশঙ্কা প্রকাশ করে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বুধবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান এই নির্দেশনা জারি করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন। নির্দেশনা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক জিল্লুর রহমান।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, ঘূর্ণিঝড় মোরার আঘাতের পর মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত চট্টগ্রামে প্রবল বর্ষণ হয়েছে। এই বর্ষণের ফলে নগরীর অভ্যন্তরে ছোটবড় ১৩টি পাহাড়ে বড় ধরনের ধসের আশঙ্কা করা হচ্ছে। এই পাহাড় ধসের ক্ষয়ক্ষতি থেকে জানমাল রক্ষা করতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদে সরিয়ে নিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

