
কর্মশালায় বক্তব্য দিচ্ছেন ব্রুড ব্যাংক স্থাপন প্রকল্প (৩য় পর্যায়)’র প্রকল্প পরিচালক মো. সিরাজুর রহমান
নিজস্ব প্রতিনিধি : উন্নত ব্রুড মাছ উৎপাদন ও প্রজনন পদ্ধতি বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা গত ২১ মে টাঙ্গাইল সদরস্থ মৎস্য বীজ উৎপাদন খামারে অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অধিদপ্তরের ব্রুড ব্যাংক স্থাপন প্রকল্প (৩য় পর্যায়)’র উদ্যোগে ৫দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ২৫ জন চাষিকে উন্নত ব্রুড মাছের উৎপাদন এবং প্রজনন পদ্ধতি বিষয়ে তত্ত্বীয় ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালায় ব্রুড ব্যাংক স্থাপন প্রকল্প (৩য় পর্যায়)’র প্রকল্প পরিচালক মো. সিরাজুর রহমান প্রধান অতিথি এবং জেলা মৎস্য কর্মকর্তা (টাঙ্গাইল) লুৎফর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (টাঙ্গাইল সদর) মো. হারুন অর রশীদ, খামার ব্যবস্থাপক (সদর) মো. মোখলেছুর রহমানসহ ব্রুড ব্যাংক প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় সফল মৎস্য হ্যাচারি মালিক এবং চাষিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় মাছের কৃত্রিম প্রজননের ইতিহাস, অন্তঃপ্রজনন, সংকরায়ন, ব্রুড মাছের ঋণাত্মক নির্বাচন, ব্রুড মাছের উন্নয়ন, উন্নত ব্রুড মাছ উৎপাদনের কলাকৌশল, ব্রুড মাছের ব্যবস্থাপনা, প্রজনন পদ্ধতি, প্রাকৃতিক পরিবেশে মাছের প্রজনন কৌশল, প্রাকৃতিক প্রজননে পরিবেশ ও হরমোনের প্রভাব, কৃত্রিম প্রজননের ফলাফল, মাছের জিন ব্যাংক, ইনসিটু পদ্ধতি, এক্সসিটু পদ্ধতি, ক্রায়ো প্রিজারভেশনসহ সশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালার ৪র্থ দিনে মাঠ পরিদর্শনের অংশ হিসেবে প্রশিক্ষণার্থীদের ভুয়াপুর উপজেলার মৎস্য ভুবন ও সায়েন্টিফিক হ্যাচারি পরিদর্শন করানো হয়।

