
জলবায়ু পরিবর্তনজনিত কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী বীজ ও সার সংগ্রহ এবং সংরক্ষণ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় বক্তব্য দিচ্ছেন বিএডিসি’র মহাব্যবস্থাপক (বীজ) নূর মোহাম্মদ মন্ডল, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ
নিজস্ব প্রতিবেদক : এশিয়া মহাদেশে শীতল দিন ও রাতের সংখ্যা কমেছে এবং উষ্ণ দিন ও রাতের সংখ্যা বাড়ছে। সেই সাথে এই মহাদেশের অধিকাংশ এলাকায় তাপপ্রবাহের মাত্রা বেড়েছে। অসম বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে যাচ্ছে; অস্বাভাবিক বন্যা, সামুদ্রিক জলোচ্ছ্বাস, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের উপকূলবর্তী জনপদ বন্যা কবলিত হবে; ভবিষ্যতে পানি সম্পদের ঘাটতি দেখা দিবে এবং জলবায়ুর ভিন্নতা ত্বরান্বিত করবে। উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ করে সমুদ্র ও নদী তীরবর্তী এলাকায় শিল্প, অবকাঠামো, বসতি ইত্যাদি ঝুঁকির মধ্যে পড়বে। পরিবর্তিত এই জলবায়ু প্রেক্ষাপটে দেশের খাদ্য উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন কাজ করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।
গত ২০ মে রাজধানীর গাবতলীস্থ বিএডিসি’র কেন্দ্রীয় বীজ পরীক্ষাগারে বিএডিসি কৃষিবিদ সমিতির উদ্যোগে আয়োজিত জলবায়ু পরিবর্তনজনিত কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী বীজ ও সার সংগ্রহ এবং সংরক্ষণ ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালায় এসব বিষয় তুলে ধরা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএডিসি’র মহাব্যবস্থাপক (সার ব্যবস্থাপনা) আশুতোষ লাহিড়ী।
কর্মশালায় মহাব্যবস্থাপক (বীজ) নূর মোহাম্মদ মন্ডল, বিএডিসি’র অন্যান্য উইংয়ের মহাব্যবস্থাপক, অতিরিক্ত মহাব্যবস্থাপক, প্রকল্প পরিচালক, বিএডিসি কৃষিবিদ সমিতির সভাপতি মুহা. আজহারুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম ইউসুফ হারুনসহ জ্যেষ্ঠ কৃষিবিদগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় কৃষিবিদ সমিতির বিভাগীয় ও আঞ্চলিক কমিটির সদস্যরাও অংশগ্রহণ করেন।
কর্মশালার পর বিএডিসি কৃষিবিদ সমিতির ২০১৭-১৮ মেয়াদে নির্বাচিত বিভাগীয় ও আঞ্চলিক কমিটির সমন্বয়কারী প্রতিনিধিদের সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সম্মেলনে কৃষিবিদগণ তাদের পেশাগত বিভিন্ন সমস্যা পদোন্নতি, পদায়ন, টেকনিক্যাল পে, সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) পুনরুদ্ধারসহ মাঠ পর্যায়ে অন্যান্য সমস্যা সমাধানের দাবি জানান।

