নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে সরকার তত নার্ভাস হয়ে পড়ছে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বন্দীদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপির ভিশন ২০৩০ ঘোষণার পর আওয়ামী লীগের অবস্থা খুবই খারাপ। এতই খারাপ হয়েছে যে, ক্ষমতা হারানোর ভয়ে তাদের হৃদকম্পন শুরু হয়েছে।’ তিনি বলেন, ‘কালও যদি বাংলাদেশে সুষ্ঠ নির্বাচন হয়,তার পরের দিন যিনি হবেন প্রধানমন্ত্রী সেই খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে কোনো কারণ ছাড়াই হঠাৎ তল্লাশি করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘যতই চেষ্টা করুন ক্ষমতায় থাকতে পারবেন না। আগামী দিনে বাংলাদেশে নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে, দলীয় সরকার বলে কিছুই থাকবে না। তখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপনারা কোনো প্রার্থীই খুঁজে পাবেন না।’
নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন,’ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন গণতন্ত্রের জন্য আন্দোলন, সংগ্রাম করছেন। তাদের কারাগারে রাখার অর্থই হল গণতন্ত্রকে কারাগারে রাখা।’ এসময় তিনি সকল বন্দীদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, জিনাপের সভাপতি মিয়া মোহাম্মাদ আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

