নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাফরুলে সৌদি প্রবাসীর স্ত্রী রোজিনা আক্তার মিতু হত্যায় সন্দেহভাজন আসামি আহমেদ শরিফ শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তাকে মাদারীপুর জেলা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।
বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি, মিডিয়া) মাসুদুর রহমান। জানা গেছে, গত ১৮ এপ্রিল ঢাকার কাফরুল থানা এলাকার ইব্রাহিমপুরে ৮৩৯ নম্বর বাড়ির নিচতলায় খুন হন মিতু। এ বিষয়ে মিতুর বড় ভাই ফিরোজ আলম কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, মিতুর স্বামী রফিকুল আমিন সৌদি প্রবাসী। মিতু দুই সন্তানকে ভালো স্কুলে পড়ানোর জন্য ঢাকায় থাকতেন। মিতুর স্বামী বিদেশ তার টাকা তার ভাগনে অভিযুক্ত শরিফের মাধ্যমে পাঠাতেন। বেশ কিছু দিন ধরে শরিফ পাঠানো টাকা আত্মসাৎ করছিলেন। এ নিয়ে মিতুর সঙ্গে তার ঝামেলা চলছিল।

