নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে নাটোরের বাস মালিক ও শ্রমিকেরা। জেলা বাস মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক শেষে মঙ্গলবার সকাল থেকে এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাগর জানান, সম্প্রতি নাটোরের সিংড়া উপজেলায় বাস মালিক সমিতি করে সিংড়ার ওপর দিয়ে চলাচলকারী সব যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা তোলা হচ্ছে। প্রতিবাদ করায় তারা নাটোর বাস মালিক সমিতির অধীন বাসের স্টাফদের মারধরসহ বাস ফিরিয়ে দেয়। এই ঘটনার পর নাটোরের বাস মালিক ও শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে মালিক ও শ্রমিক নেতাদের গত রাতে বৈঠক হয়। সেখানে সিংড়ায় চাঁদাবাজি বন্ধের দাবিতে মঙ্গলবার সকাল থেকে সব জেলা ও আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত হয়। ওই ঘোষণানুযায়ী আজ সকাল থেকে নাটোর থেকে কোনো রুটে বাস চলাচল করছে না।
এদিকে পরিবহন ধর্মঘটের কারণে যাত্রীদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

