গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে একই ওড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক-প্রেমিকা। শনিবার ভোরে উপজেলার থানাপাড়া এলাকার একটি গাছ থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
এরা হলেন- ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বারইপাড়া গ্রামের নওশের আলীর মেয়ে খুকু মনি (২২) ও কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মানিক মিয়ার ছেলে নুর ইসলাম (২৫)।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলীনুর জানান, কাশিয়ানী উপজেলার থানাপাড়া এলাকার ভগ্নিপতি রিপন মিয়ার বাড়িতে থাকতেন খুকু মনি। আর খুকু মনির ভগ্নিপতির সঙ্গে কাঠ মিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন নুর ইসলাম। খুকু মনির সঙ্গে নুর ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
শনিবার ভোরে তারা বাড়ির পাশের একটি গাছের ডালে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা সকালে দুজনের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি জানান, আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। কারণ অনুসন্ধানের জন্য পুলিশ কাজ করছে।

