কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশের শিক্ষাব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই দেশের সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, যা অন্য কোনো সরকার পারেনি। শেখ হাসিনার কারণেই দেশের ঘরে-ঘরে বিদ্যুৎ ও শিক্ষার আলো ছড়িয়ে দেয়া সম্ভব হয়েছে। তার কারণেই আজ গরিব-দুঃখী মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে।
গতকাল সোমবার রাতে কালকিনি উপজেলার ডাসার সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজ ও ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী অ্যান্ড বিশ্ববিদ্যালয় কলেজের যৌথ উদ্যোগে সদ্য স্বাধীনতা পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, কালকিনির কৃতী সন্তান অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামানকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ আবুল হোসেন বলেন, ‘শেখ হাসিনা আজ বিশ্বের কাছে বাংলাদেশকে ডিজিটাল দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তাই শেখ হাসিনার প্রতি জনগণের অগাধ ভালোবাসা থাকায় তিনি আবারো ক্ষমতায় আসবেন।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আওলাদ হোসেন মাস্টার, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সুবজ, সাবেক সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, অধ্যক্ষ জাকিয়া সুলতানা, অধ্যক্ষ মো. হাসানুল সিরাজী ও ডাসার থানার ওসি এমদাদুল হকসহ ইউপি চেয়ারমানরা।
সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশ করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব, ঝিলিক ও জানে আলমসহ দেশ-বিদেশের শিল্পীরা। অনুষ্ঠান উপস্থাপনার করেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব খন্দকার ইসমাইল।

