স্পোর্টস ডেস্ক : ওয়াশিংটন সুন্দরের বলটি সুইপ করে স্কয়ার লেগ দিয়ে চার হাঁকালেন ডেভিড ওয়ার্নার। তাতে এবারের আইপিএলে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান গড়লেন দারুণ এক কীর্তিও। আইপিএলে টানা চার আসরে ৫০০ রান করলেন ওয়ার্নার। যে কীর্তি আইপিএল ইতিহাসে আর কারও নেই।
শনিবার অধিনায়কের মাইলফলক ছোঁয়ার দিনে অবশ্য হেরেছে হায়দরাবাদ। হায়দরাবাদে পুনের বিপক্ষে শেষ ওভারে জয়ের জন্য স্বাগতিক দলের দরকার ছিল ১৩ রান। কিন্তু হায়দরাবাদ নিতে পারেনি এক রানও! শেষ ওভারটি হ্যাটট্রিক মেডেন নিয়েছেন পুনের বাঁহাতি পেসার জয়দেব উনাডকট।
এবারের আইপিএলে এখন পর্যন্ত ১১ ম্যাচে তিন ফিফটি ও এক সেঞ্চুরিতে ৫২৯ রান করেছেন ওয়ার্নার। গত আসরে ১৭ ম্যাচে করেছিলেন ৮৪৮, ২০১৫ সালে ৫৬২, ২০১৪ সালে ৫২৮ রান।

