বিনোদন প্রতিবেদক : আজ, শুক্রবার সকাল থেকে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট গ্রহণ। এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। আর এ নিয়ে বেশ টেনশনে সময় কাটছে বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘অনেক ব্যস্ত সময় যাচ্ছে। ভোটাররা আসছেন তাদের সঙ্গে কথা বলতে হচ্ছে। অনেক টেনশন হচ্ছে। সব মিলিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছি। একটু অবকাশ পেলে আবার কথা বলব।’
চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-১৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিয়েছে তিনটি প্যানেল। এর মধ্যে একটি মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল। মিশা সওদাগর সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদক ছাড়াও এই প্যানেলের অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন-নূতন, রিয়াজ, আরমান, সুব্রত, জ্যাকি আলমগীর, ডন, আজাদ খান। কার্যনির্বাহী পদের প্রার্থী হয়েছেন অঞ্জনা, রোজিনা, আলী রাজ, নানা শাহ্, বাপ্পারাজ, পপি, পূর্ণিমা, সাইমন, নিরব, আমির ও হরবোলা।
শুক্রবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মনতাজুর রহমান আকবর, নির্বাচন কমিশনার নাজমুল হুদা মিন্টু, পীরজাদা শহিদুল হারুন এবং আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন নাসিরউদ্দিন দিলু, সদস্য খোরশেদ আলম খসরু এবং শামসুল আলম।

