স্পোর্টস ডেস্ক : সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলের জয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। তবে এই জয়ে আনন্দে ভাসছেন না রিয়াল কোচ জিনেদিন জিদান। মাটিতেই পা রাখছেন ‘জিজু’।
সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে জয়ের পর জিদান বলেছেন, ‘আমাদের আজকের পারফরম্যান্স নিয়ে আমরা খুশি থাকতে পারি। কিন্তু আমরা আনন্দে ভেসে যেতে পারি না। কারণ, আমরা এখনো কিছুই জিতিনি।’
ফাইনালে যেতে অ্যাটলেটিকোর মাঠে ফিরতি লেগে শিষ্যদের কাছে নিখুঁত ম্যাচ চান জিদান, ‘ফুটবলে সহজ ম্যাচ বলে কোনো কিছু নেই। ফাইনালে যেতে হলে ক্যালদেরনে আমাদের নিখুঁত ম্যাচ খেলা দরকার।’
চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি লা লিগার শিরোপা জয়ের ভাবনাও আছে রিয়াল কোচের, ‘এখন আমরা এই জয় উপভোগ করতে পারি। বিশ্রাম নিয়ে শনিবারের ম্যাচ নিয়ে ভাবতে হবে। যেটি লা লিগার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

