ঢাকাWednesday , 3 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজহার-মিসবাহর ব্যাটে পাকিস্তানের লিড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আগের দিনে ফিফটি করে ৮১ রানে অপরাজিত ছিলেন। বার্বাডোজ টেস্টের তৃতীয় দিনে কাল সেটিকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন আজহার আলী। তবে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন মিসবাহ-উল-হক। তাদের দারুণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৮১ রানের লিড নিয়েছে পাকিস্তান।
সিরিজের দ্বিতীয় এই টেস্টে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩১২ রানের জবাবে পাকিস্তান অলআউট হয়েছে ৩৯৩ রানে। দ্বিতীয় ইনিংসের শুরুতেই কাইরান পাওয়েলকে হারানো ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিন শেষ করেছে ১ উইকেটে ৪০ রানে। শিমরন হেটমায়ার ২২ ও ক্রেইগ ব্রাফেট ৮ রানে অপরাজিত আছেন। এখনো ৪১ রানে পিছিয়ে আছে ক্যারিবীয়রা।
তৃতীয় দিন লাঞ্চের পরপরই ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন আজহার। সেঞ্চুরির পর অবশ্য ইনিংস আর বড় করতে পারেননি তিনি। দেবেন্দ্র বিশুর বলে আউট হওয়ার আগে ২৭৮ বলে ৯টি চারের সাহায্যে করেন ১০৫। মিসবাহর সঙ্গে তার চতুর্থ উইকেট জুটিতে আসে ৮১ রান।
আজহার ফিরলেও আসাদ শফিকের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়েছেন মিসবাহ। বিশুকে চার মেরে ৯৪ থেকে পৌঁছে গিয়েছিলেন ৯৮-এ। বিশুর পরের ওভারে সিঙ্গেল নিয়ে ৯৯-এ। কিন্তু পরের ওভারে জেসন হোল্ডারের বলে আউট হয়েছেন ওই ৯৯ রানেই।
অফ স্টাম্পে হোল্ডারের লেংথ বলটি ছেড়ে দিতে চেয়েছিলেন মিসবাহ। কিন্তু যখন বলের লাইন থেকে ব্যাট সরিয়ে নিতে গেলেন, বড্ড দেরি হয়ে গেছে। বল তার গ্লাভসে লেগে জমা পড়ে দ্বিতীয় স্লিপে শাই হোপের হাতে। আগের টেস্টেই ৯৯ রানে অপরাজিত ছিলেন। পরের টেস্টে আরেকটি ৯৯। এর আগে ২০১১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেও ৯৯ রানে আউট হয়েছিলেন তিনি। টেস্ট ইতিহাসের আর কোনো ব্যাটসম্যানের তিনটি ৯৯ রানের ইনিংস নেই।
মিসবাহর বিদায়ের পর দ্রুতই ফিরে যান সরফরাজ আহমেদ (৯) ও শফিক (১৫)। একটা সময় ৪ উইকেটে ৩১৬ থেকে পাকিস্তানের স্কোর তখন ৭ উইকেটে ৩২৯! অষ্টম উইকেটে মোহাম্মদ আমির-শাদাব খানের ২৫ ও নবম উইকেটে শাদাব-ইয়াসির শাহর ৩০ রানের দুটি জুটিতে শেষ পর্যন্ত চারশর কাছে যেতে পারে সফরকারীরা। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ইয়াসির করেছেন ২৪। শাদাব ১৬ ও আমির করেছেন ১০।
৮১ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার শ্যানন গ্যাব্রিয়েল। হোল্ডার ও বিশু ৩টি করে উইকেট ভাগ করে নিয়েছেন।
৮১ রানে পিছিয়ে থেকে দলের ৮ রানেই পাওয়েলের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। পেসার আব্বাসের বলে উইকেটকিপার সরফরাজকে ক্যাচ দেন স্বাগতিক ওপেনার (৬)। তবে হেটমায়ারের সঙ্গে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের বাকি সময়টা নিরাপদে পার করে দেন আরেক ওপেনার ব্রাফেট।