স্পোর্টস ডেস্ক : দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন রোহিত শর্মা। ভারতীয় ব্যাটসম্যান মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে আইপিএলে ৪ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচজয়ী অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলার পথে ৪০০০ রান পূর্ণ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত। এর আগে আইপিএলে ৪ হাজার রান করেছেন সুরেশ রায়না, বিরাট কোহলি ও গৌতম গম্ভীর।
আইপিএল দিয়েই ছয় মাস পর মাঠে ফেরেন রোহিত। এবারের আসরে ১০ ম্যাচে দুই ফিফটিতে তার রান ১৭৩। সব মিলিয়ে ১৫২ ম্যাচে ৪ হাজার ৪৭ রান।
১৫৭ ম্যাচে ৪ হাজার ৪১৬ রান নিয়ে সবার ওপরে আছেন রায়না। ১৪৬ ম্যাচে ৪ হাজার ৩৪৯ রান কোহলির, ১৪২ ম্যাচে ৪ হাজার ২১ রান গম্ভীরের। ১০৯ ম্যাচে ৩ হাজার ৮৪৩ রান নিয়ে পঞ্চম স্থানে আছেন আগের দিন দারুণ এক সেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নার।

