ঢাকাTuesday , 25 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগে মানসিক প্রস্তুতি দরকার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফির আগে সাসেক্সে প্রস্তুতি ক্যাম্পের জন্য বুধবার ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াইয়ের জন্য আগে মানসিক প্রস্তুতি দরকার বলে মনে করছেন মাশরাফি। আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে এক মাসেরও বেশি আগে দেশ ছাড়লেও ফেবারিটদের বিপক্ষে ভালো করতে ‘মেন্টাল গেম’টাকেই বড় করে দেখছেন টাইগার অধিনায়ক।
সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমার কাছে মনে হয় খেলোয়াড়দের মানসিকভাবে খুব তাড়াতাড়ি প্রস্তুত হওয়া দরকার। আমি মনে করি না যে এ ২০-২৫ দিনে অনুশীলন করে আপনি সেখানে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারবেন। তবে আমরা মানসিকভাবে প্রস্তুত হলে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারব। বড় বড় দলের বিপক্ষে এটা মানসিক খেলা হবে।’
ইংল্যান্ডের মতো বিরুদ্ধ কন্ডিশনে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ নিয়ে মাশরাফি বলেন, ‘ওদের কন্ডিশনে খেলা কিছুটা কঠিন হবে। ওরা যত সহজে পারবে আমাদের আরো দুয়েকদিন বেশি কষ্ট করতে হবে। কমপক্ষে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে। আমার মনে হয় আমরা যদি সবাই সুস্থ থাকি এবং লড়াই করার মানসিক প্রস্তুতি নিতে পারি তাহলে আশা করি ভালো খেলা হবে।’
বৃহস্পতিবার ইংল্যান্ডের মাটিতে পা রাখবে মাশরাফি বাহিনী। সেখানে পৌঁছে সাসেক্সে দশ দিনের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন টাইগাররা। এর মাঝে স্থানীয় দুই দলের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে মাশরাফির দল।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই আয়ারল্যান্ডে হবে ত্রিদেশীয় সিরিজ। যেখানে স্বাগতিক আয়ারল্যান্ডের সঙ্গে অংশ নেবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।