
প্রশিক্ষণার্থীদের সাথে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মনজুরুল আলম
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) কর্তৃক বাস্তবায়নাধীন ‘পাট ও পাট জাতীয় ফসলের কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর প্রকল্প’র আওতায় বর্তমান অর্থ বছরে ৮টি ব্যাচের প্রশিক্ষকদের প্রশিক্ষণ (ট্রেনিং অব ট্রেইনার্স-টিওটি) কার্যক্রম আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সমাপ্ত হয়েছে। প্রতি ব্যাচে অংশগ্রহণকারী প্রশিক্ষকদের ৩দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেআরআই’র মহাপরিচালক ড. মো. মনজুরুল আলম। আরো উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. এস, এম, মাহবুব আলী। প্রশিক্ষণে পরিচালকের দায়িত্ব পালন করেন পিএসও ড. এ টি এম মোরশেদ আলম, কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্বে ছিলেন এসএসও ড. এ এস এম কামরুজ্জামান।
মহাপরিচালক তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, বিজেআরআই’র কৃষি ও শিল্প প্রযুক্তি সংশ্লিষ্ট সকলের মধ্যে সম্প্রসারণের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানের সার্থক প্রয়োগের মাধ্যমে এর সফলতা অর্জনে প্রশিক্ষণার্থীদের আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি। বিজেআরআই’র উদ্যোগে জেলা/উপজেলার ঊর্ধ্বতন কৃষি কর্মকর্তা (বিসিএস কৃষি ক্যাডার কর্মকর্তা), শিল্পোদ্যোক্তা ও ইনস্টিটিউটের বিজ্ঞানীদের নিয়ে প্রতি ব্যাচে ৩০ জন করে মোট ২৪০ জন প্রশিক্ষণার্থীদের টিওটি ট্রেনিংয়ের সফল আয়োজনে তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। উল্লেখ্য, ইতোমধ্যে ২ হাজার ৬শ’ জন কৃষক ও শিল্পোদ্যোক্তা পাট ও পাট জাতীয় ফসলের কৃষি প্রযক্তি উদ্ভাবন ও হস্তান্তর প্রকল্পের মাধ্যমে বিজেআরআই উদ্ভাবিত কৃষি ও শিল্প প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর ফলে কৃষক, শিল্পোদ্যোক্তা তথা দেশ ও জাতি উপকৃত হবে বলেও মন্তব্য করেন ড. মো. মনজুরুল আলম।

