নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজের পাঁচ বছর অতিবাহিত হওয়ার প্রতিবাদে স্বাধীনতা ফোরাম আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
সরকারকে উদ্দেশ করে আমির খসরু বলেন, ‘নিখোঁজ ইলিয়াস আলীকে অতিসত্বর তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিন। তা না হলে দেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। হত্যা, গুম আর নির্যাতনের মাধ্যমে দেশ পরিচালনা করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। দেশের মানুষ এসব নির্যাতনের উচিত জবাব দেবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘প্রতিনিয়ত গুম-খুনের ঘটনা বাংলাদেশের মানুষকে ক্ষত-বিক্ষত করেছে। বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো সরকারকে এই কর্মকাণ্ড বন্ধ করতে বলেছে। কিন্তু সরকার কারো কথা না শুনে গায়ের জোরে দেশ চালাচ্ছে। এ পর্যন্ত বিএনপির প্রায় ৫০০ নেতা-কর্মী গুম হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সব গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচার করা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’
আমির খসরু বলেন, ‘তিস্তার পানি বণ্টন আমাদের প্রধান সমস্যা। বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য পাওনা আদায় করতে চায়। আশা করেছিলাম, প্রধানমন্ত্রীর এ সফরে তিস্তা চুক্তির বাস্তবায়ন হবে। কিন্তু তা হয়নি, বরং শেখ হাসিনা ভারতে বেড়াতে গিয়েছিলেন। তিনি আতিথেয়তা পেয়েছেন, তিনি কিছুই আনতে পারেননি।’
তিনি বলেন, ‘১৯৭৭ সালে প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঙ্গা চুক্তির জন্য আন্তর্জাতিক আদালতে যান। এরপর আন্তর্জাতিক মহলের চাপের কারণে তৎকালীন গঙ্গা চুক্তি করতে বাধ্য হয় ভারত। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যার সমাধানেও পদক্ষেপ নেবে।’
আমির খসরু বলেন, ‘ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে স্বার্থবিরোধী যেসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বিএনপি ক্ষমতায় এলে তা রিভিউ করা হবে।’
সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ। এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, মুজিবর রহমান সরোয়ার, অ্যাডভোকেট আহমেদ আজম খান প্রমুখ।

