ঢাকাFriday , 14 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৌলবাদ রুখে দেওয়ার প্রত্যয়ে দেশজুড়ে বর্ষবরণ

Link Copied!

Boishakনিজস্ব প্রতিবেদক : বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। চারদিকে ছিল সাজ সাজ রব আর লাল-সাদা পোশাকের সমাহার। বেজেছে ঢোল, ডুগডুগি, পথে পথে ভেঁপু। সারাবাংলা ভেসেছে বিপুল উচ্ছ্বাসে। বাংলা ট্রিবিউনের প্রতিনিধিদের খবরে বলা হয়েছে, দেশজুড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে সর্বজনীন এ উৎসব। অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিভিন্ন জায়গায় নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি।
রাজশাহী : জেলায় বর্ণিল আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করা হয়। বৈশাখের ভোরে সূর্যোদয়ের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাতে মঙ্গল শোভাযাত্রায় শামিল হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এরপর নানান আয়োজনে নেচে-গেয়ে প্রাণের উৎসবে মেতে উঠেন শহরবাসী। সর্বজনীন এই উৎসবে সবার মধ্যেই ছিল সাম্প্রদায়িকতা ও মৌলবাদকে রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয়।
নরসিংদী : উৎসব আর আনন্দ আয়োজনে পহেলা বৈশাখকে বরণ করে নিয়েছে জেলাবাসী। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে নানান অনুষ্ঠানের। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা মাঠে প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। দুপুর ১২টায় বের হয়েছিল মঙ্গল শোভাযাত্রা। এতে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আমেনা বেগমসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানিকগঞ্জ : বাংলা নববর্ষ বরণে উৎসবের নগরীতে পরিণত হয় মানিকগঞ্জ। পুরাতন গ্লানি মুছে ফেলে নতুনকে বরণ করে নিতেই উৎসবের আমেজ দেখা যায় চারদিকে। বাঙালির প্রাণের এই উৎসবে বর্ণিল সাজে অংশ নেন সববয়সী মানুষ। মানিকগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠান আয়োজন করে নানান অনুষ্ঠানের। নববর্ষ উপলক্ষে মানিকগঞ্জ পৌরসভার আয়োজনে এবারই প্রথম বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। এতে মূল আকর্ষণ ছিল হাতির প্রতিকৃতি। এছাড়া বাঘ, পেঁচা, ময়ূর, হাতপাখা ও মুখোশের প্রতিকৃতিও রাখা হয়। সকালে পৌরসভার সামনে থেকে মেয়র গাজী কামরুল হুদা সেলিমের নেতৃত্বে বের হওয়া এই শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনে এসে থামে। এরপর এখানে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের পান্তা ও বিভিন্ন রকমের ভর্তা দিয়ে আপ্যায়ন করানো হয়।
জামালপুর : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। সকাল সাড়ে ৭টা থেকে শহরের বৈশাখীমেলা মাঠে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। সাড়ে ৯টার দিকে এখান থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি। শোভাযাত্রায় উদীচী, মনিমেলা খেলাঘর ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও অংশ নেয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বেনাপোল : নানা কর্মসূচির মধ্য দিয়ে বেনাপোল ও শার্শায় বর্ষবরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বৈশাখের প্রথম প্রহরে মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটনের নেতৃত্বে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন।
বরিশাল, চট্টগ্রাম, সিলেট, পঞ্চগড়, শেরপুর, রাঙামাটি, খুলনা, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের অন্যান্য জেলায়ও আনন্দ শোভাযাত্রাসহ নানান বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। মানুষের কণ্ঠে কণ্ঠে সুর ওঠেছে, ‘এসো হে বৈশাখ এসো এসো…’।