ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে আহত হাফিজুর রহমান (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মী মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। হাফিজুর রহমান চাঁদপুর গ্রামের কায়েস রহমানের ছেলে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে চাঁদপুর গ্রামের একটি পুকুরে গোসল করার সময় শিশুদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এ নিয়ে চাঁদপুর গ্রামের মধু মেম্বার ও উস্তার হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে উস্তারের সমর্থক হাফিজুর রহমানের অবস্থার অবণতি হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতারে পাঠানো হয়। সেখানে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি মারা যান। ওই গ্রামে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে।

