ঢাকাMonday , 10 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের ক্ষমতায় বসতে চুক্তি : খালেদা

Link Copied!

Khaledaনিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসতে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার রাতে রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত নেতারা ফুল দিয়ে তাকে অভিনন্দন জানাতে এলে তিনি এই অভিযোগ তোলেন।
বিএনপি প্রধান বলেন, ‘আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকতেই সরকার ভারতের সঙ্গে চুক্তি করেছে। তাদের উদ্দেশ্য হলো- আরো পাঁচ বছর ক্ষমতায় থাকতে হবে। পাঁচ বছর পর কাগজে-কলমে দেশটা ভারতের কাছে বিক্রি করে দিয়ে আওয়ামী লীগ বিদায় নেবে।’
এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সব সময় ‘চোরাই পথে’ ক্ষমতায় আসে। আর চোরাই পথে ক্ষমতায় এসে তারা ষড়যন্ত্র করে। বর্তমান নির্বাচন কমিশন এবং সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না মন্তব্য করে একটি ‘দল নিরপেক্ষ সরকারের’ অধীনে একাদশতম জাতীয় নির্বাচন চান খালেদা জিয়া।
‘বর্তমানে যে নির্বাচন কমিশন আছে, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার তিনি মোটেও নিরপেক্ষ নন। তার কাছ থেকে আমরা নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি না। আর যে সরকার আছে, তাদের কাছে তো কখনই নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না,’ বলেন খালেদা জিয়া।
প্রধানমন্ত্রীর নির্দেশেই বিভিন্ন সিটি করপোরেশনে নির্বাচিত মেয়রদের সরিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন ও সিটি নির্বাচন থেকে শুরু করে উপজেলা নির্বাচন সবগুলোতে একই অবস্থা হয়েছে। বিএনপির যেসব মেয়র নির্বাচিত হয়েছেন তাদেরকে এখন মিথ্যা মামলা দিয়ে বহিষ্কার করে তাদের (ক্ষমতাসীনরা) লোক বসিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশেই এগুলো হচ্ছে।’
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে প্রাক্তন এই প্রধানমন্ত্রী বলেন, ‘এ নির্বাচনেও ব্যাপক কারচুপি হয়েছে। আগে যে নির্বাচন কমিশনার ছিলেন এবং বর্তমানে যিনি আছেন, তিনি একই পথই অনুসরণ করেই চলেছেন।’ সুষ্ঠু নির্বাচন হলে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী ৫০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হতেন বলেও দাবি করেন খালেদা জিয়া।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।