সিরাজগঞ্জ প্রতিনিধি : আগামীকাল সিরাজগঞ্জে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে জেলা বিএনপি। সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ আদেশের প্রতিবাদে হরতাল ডেকেছে দলটি।
সোমবার বেলা সাড়ে ১১টায় ইকবাল হাসান মাহমুদ টুকু তিনটি মামলায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিনের শুনানি শেষে বিচারক জাফরোল হাসান জামিন না মঞ্জুর করে ইকবাল হাসান মাহমুদ টুকুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে ইকবাল হাসান মাহমুদকে কারাগারের পাঠানোর আদেশ দিলে তাৎক্ষণিক দলীয় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে হরতালের সমর্থনে স্লোগান দেয়। এ সময় আদালত চত্বরে শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইকবাল হাসান মাহমুদ টুকুকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান। এ সময় আদালতে ইকবাল হাসান মাহমুদ টুকুর আইনজীবী ইন্দ্রজিৎ সাহা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি রুহুল আমিন বাবু ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
মামলার নথি ও আইনজীবীরা জানান, ছাত্রদল নেতা শহীদ নাজির উদ্দিন জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০১০ সালের ১১ অক্টোবর সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদের মুলিবাড়িতে ছাত্র গণজমায়াতের আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সমাবেশ চলাকালে দ্রুত গতির একটি ট্রেনের নিচে কাটা পড়ে বিএনপির ছয়কর্মী নিহত হন। এ সময় ক্ষুব্ধ জনতা ট্রেনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন, জেলা যুবলীগের সাবেক সভাপতি গোলাম হায়দার, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কে এম সাইফুল ইসলাম, তৎকালীন র্যাব-১২ এর ডিএডি আবু বকর সিদ্দীক, বঙ্গবন্ধু পশ্চিম থানার এসআই আছলাম আলী, দিনাজপুর জেলার পার্বতীপুর জিআরপি থানার এএসআই গোলাম তৌহিদ, সিরাজগঞ্জ বাজার জিআরপি থানার এএসআই কাজী মো. সাইদুর রহমান বাদী হয়ে মোট সাতটি মামলা দায়ের করেন। এসব মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কয়েক হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়।

