নিজস্ব প্রতিবেদক : তিস্তা চুক্তি না হলে প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বুধবার (৫ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বেলা সাড়ে ১১টায় ৪৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনাসভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোশাররফ বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে নাকি ৩৩টি চুক্তি করবেন। যতো চুক্তিই করা হোক না কেন তিস্তা চুক্তি না হলে প্রধানমন্ত্রীর ভারত সফর বৃথা হবে। অন্যদিকে তারা প্রতিরক্ষা চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু আমাদের জন্য প্রতিরক্ষা চুক্তি কেন আবশ্যক তা বুঝতে পারছি না।
এসময় জনবিরোধী চুক্তি মানুষ মেনে নেবে না জানিয়ে এই চুক্তি থেকে ভারতকেও সরে থাকার অনুরোধ জানান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে ভারতের কাছে বাংলাদেশের নিরাপত্তা ইজারা দেওয়া হচ্ছে। আর এ চুক্তি করলে ভারত শেখ হাসিনাকে ইনক্রিমেন্ট হিসেবে পরবর্তিতে ভোট না করেই ক্ষমতায় বসিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে। এ দেশের মানুষ তা কিছুতেই মেনে নেবে না।
মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, এই সরকারের আমলে নারী প্রতিদিনই নির্যাতনের শিকার হচ্ছে। তারা বাকশাল কায়েম করেছিলো এক সময়। মানুষের জীবনে নেমে এসেছিলো অবর্ণনীয় দুর্ভোগ। এখনও সেই অবস্থা চলমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেত্রী হেলেন জেরিন খান প্রমুখ।

