নিজস্ব প্রতিবেদক : ‘ছাত্র-জনতা ঐক্য গড়, শিক্ষা-সংস্কৃতি রক্ষা কর’ স্লোগানে রোববার থেকে ছাত্র ইউনিয়নের চার দিনব্যাপী ৩৮তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
সংগঠনের সভাপতি লাকী আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান আবু তারেক সোহেল, আহ্বায়ক সুমন সেন গুপ্ত প্রমুখ। সম্মেলনে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, জার্মানিসহ বিভিন্ন দেশের ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত হয়েছেন।
সমাবেশ শেষে একটি র্যালি বের হয়। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু স্মারক ভাস্কর্যের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সারা দেশের সাংস্কৃতিক ইউনিয়নসহ বিভিন্ন ব্যান্ডদলের পরিবেশনা থাকবে।
আগামীকাল সোমবার বেলা ১১টায় টিএসসির মিলনায়তনে ‘নয়া উদারবাদী অর্থনৈতিক দর্শণের কবলে শিক্ষা’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ৩টায় একই স্থানে শুরু হবে সম্মেলনের কাউন্সিল অধিবেশন। আগামী মঙ্গল ও বুধবার ৬০০ কাউন্সিলের উপস্থিতিতে সংগঠনের ৩৮তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

