নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘কুমিল্লার অনেক কেন্দ্র ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দখল করে জাল ভোট দিয়েছে। তাদের (ক্ষমতাসীন) ভয়ে ভোটাররা কৌশলী হয়ে নৌকার ব্যাচ পরে ধানের শীষে ভোট দিয়েছে। এটা নীরব বিপ্লব। যদি জনগণ শেষ পর্যন্ত নির্বিঘ্নে ভোট দিতে পারতো ভোটের ব্যবধান ৫০ শতাংশ বেশি হতো।‘
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুব্ধ জাতিগোষ্ঠী দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তিস্তা চুক্তি বাংলাদেশের মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সরকার এ বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না। প্রতিরক্ষা চুক্তি অপ্রয়োজনীয়, এ চুক্তি করতে প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন। যে চুক্তি করুন না কেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোন চুক্তি দেশের মানুষ মেনে নেবে না।
তিনি আরো বলেন, ‘নতুন নতুন গল্প বানিয়ে আত্মঘাতী হামলা চালিয়ে মানুষ হত্যা করছে। যাদের জঙ্গি বলে ধরা হচ্ছে, নাটক বানিয়ে সবাইকে ক্রসফায়ার করে হত্যা করা হচ্ছে, তাদের কাছ থেকে কোনো তথ্য উদঘাটন করে না। বিচার হয় না। এদের পেছনে কে আছে তার কোনো তথ্যও নেই। প্রতিরক্ষা চুক্তি করতে জঙ্গি নাটক সাজানো হয়েছে।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘রাজধানীর গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে বলা হয়, তারা জঙ্গি নির্মূল করতে সক্ষম হয়েছে। এখন প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে সম্প্রতি দেশে জঙ্গি হামলার একটি ঘটনা শেষ হতে না হতেই আরেকটি ঘটনা কীভাবে শুরু হচ্ছে?
বিএনপির নেতা বলেন, ‘সরকারের এত গোয়েন্দা বাহিনী আছে, এত শক্তি আছে, তাহলে আবার কী করে জঙ্গি হামলার ঘটনা ঘটছে। এর সঠিক কারণ দেশের জনগণ জানতে চায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুব্ধ জাতিগোষ্ঠী দলের ঢাকা মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার প্রলয় স্নাল। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আফজাল এইচ খান, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

