
দানাশস্য বীজ উৎপাদনে সম্পৃক্ত বিএডিসি’র মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সংস্থার চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান
নিজস্ব প্রতিবেদক : গত ২০ থেকে ২১ মার্চ রাজধানীর মিরপুরস্থ নবনির্মিত বীজ পরীক্ষাগারের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হলো দানাশস্য বীজ উৎপাদনে সম্পৃক্ত বিএডিসি’র মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ। ২দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান।
প্রশিক্ষণ অনুষ্ঠানে চুক্তিবদ্ধ চাষী কার্যক্রম, বীজের আপৎকালীন মজুদ কার্যক্রম (বীআমক) এবং বীজ উৎপাদন প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক, উপ-পরিচালক এবং যুগ্মপরিচালক পর্যায়ের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বীজের আপৎকালীন মজুদ কার্যক্রমের অর্থায়নে ২দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে মহাব্যবস্থাপক (বীজ) নূর মোহাম্মদ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মাহমুদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কার্যক্রমে রিসোর্স স্পিকার হিসেবে অংশগ্রহণ করেন সংস্থার মহাব্যবস্থাপক (বীজ) নূর মোহাম্মদ মন্ডল এবং সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মাহমুদ হোসেন। বীজের আপৎকালীন মজুদ কর্মসূচির পরিচালক এ কে এম নুরুল ইসলামের সঞ্চালনায় এবং সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মাহমুদ হোসেনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ব্যতিক্রমধর্মী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে প্রশিক্ষণার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। গ্রুপ ডিসকাশনের মাধ্যমে মাঠ পর্যায়ের দানাশস্য বীজ উৎপাদনে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিতকরণ এবং তা সমাধানের উপায় বের করা হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে কন্ট্রাক্ট গ্রোয়ার্স বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক বিশ্বাস কুতুব উদ্দিন গ্রুপ ডিসকাশনের মাধ্যমে চিহ্নিত সমস্যা ও সমাধানসমূহ উপস্থাপন করেন।

