ঢাকাWednesday , 15 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তফসিলি হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক

Link Copied!

bankbankঅর্থনৈতিক প্রতিবেদক : অবশেষে সীমিত আকারে তফসিলি ব্যাংকে রূপান্তরিত হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এর আগে ব্যাংকটিকে বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম পরিচালনা করতে প্রয়োজনীয় পরিশোধিত মূলধন গঠন করতে হবে। এজন্য ব্যাংকটিকে অতিরিক্ত ৩০০ কোটি টাকা দেওয়া হবে। এর মধ্যে সরকার দেবে ২৫০ কোটি টাকা। ৫০ কোটি টাকা যোগান দেবে ওয়েজ আর্নার্স বোর্ড।
মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
বৈঠকে অর্থ সচিব, ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ব্যাংকটি মূলধন পুনর্গঠনের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেছিল। আবেদনে ৩০০ কোটি টাকার মধ্যে সরকারের কাছে ২৫০ কোটি টাকা চাওয়া হয়েছিল। বাকি ৫০ কোটি টাকা ওয়েজ আর্নার্স বোর্ড যোগান দেবে বলে উল্লেখ করা হয়েছিল।
প্রবাসী কল্যাণ ব্যাংক ১০০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে বিশেষায়িত ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধন কিছুটা কমলেও এর সম্পত্তির পরিমান দাঁড়িয়েছে ২০৮ কোটি টাকা।
অর্থমন্ত্রীর সভাপতিত্বে মঙ্গলবারের বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ব্যাংটিকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরিত করার যৌক্তিকতা তুলে ধরা হয়।
সূত্র জানায়, বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে ব্যাংটিকে সীমিত আকারে অর্থাৎ যেসব প্রবাসীর এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে শুধু তাদেরকে বাণিজ্যিক ব্যাংকের সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। পরবর্তী সময়ে ব্যাংকটিকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংকে রূপান্তর করা হবে।
নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার ২০১০ সালে প্রবাসী কল্যাণ ব্যাংক আইন করে। আইন অনুযায়ী, বিদেশে যাওয়া এবং বিদেশ থেকে ফিরে এসে দেশে আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে অর্থায়ন করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য ছিল। ২০১১ সালের ২০ এপ্রিল ব্যাংকটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে সারা দেশে ব্যাংকটির ৫৪টি শাখা আছে।
সূত্র জানায়, ২০১৩ সালের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, বিশেষায়িত ব্যাংক থেকে তফসিলি ব্যাংকে রূপান্তর করতে হলে প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা থেকে ৪০০ কোটি টাকায় উন্নীত করা প্রয়োজন ছিল।
প্রবাসী কল্যাণ ব্যাংক ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসী কল্যাণ ব্যাংক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য আইনগত বাধাগুলো চিহ্নিত ও পরিশোধিত মূলধন সরবরাহের ব্যবস্থা নেওয়ার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির সুপারিশ ছিল যে, প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকার অতিরিক্ত আরো ৩০০ কোটি টাকা আবশ্যক হবে। এর মধ্যে ২৫০ কোটি টাকা সরকার এবং ৫০ কোটি টাকা বাংলাদেশ ওয়েজ আর্নার্স বোর্ড কর্তৃক সরবরাহ করা যেতে পারে।
সূত্র জানায়, এ অবস্থায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের সভাপতিত্বে গত বছর ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকে প্রবাসী কল্যাণ ব্যাংকের মূলধন পুনর্গঠনের জন্য সরকারি অংশের ২৫০ কোটি টাকা বরাদ্দের জন্য অর্থ বিভাগের সচিবকে চিঠি দেওয়া হয়। মঙ্গলবারের বৈঠকে ব্যাংকটিকে ২৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার পাশাপাশি ব্যাংকটিকে সীমিত আকারে তফসিলি ব্যাংকে রূপান্তরের অনুমোদন দেওয়া হয়।