বিনোদন প্রতিবেদক : ঢাকায় এসেছেন ভারতীয় উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতজ্ঞ আচার্য জয়ন্ত বোস। আজ বুধবার (১ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে তিনি ঢাকায় পৌঁছেছেন বলে জানান বীণকার মিউজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি পংকজ বসু।
আগামী ৩ মার্চ শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে আচার্য জয়ন্ত বোসের একক সংগীত সন্ধ্যা। আর এতে যোগ দিতে ঢাকায় এসেছেন তিনি। এই একক সংগীত সন্ধ্যার আয়োজন করেছে বীণকার মিউজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ।
এ প্রসঙ্গে পংকজ বোস বলেন, ‘কিছুক্ষণ (দুপুর) আগে উনি ঢাকায় পৌঁছালেন। এই অনুষ্ঠানের মাধ্যমে সংগীতপ্রেমীরা সংগীতের প্রকৃত রসবোধ আস্বাদনের সুযোগ পাবেন। উনার মতো সংগীত সাধকের সান্নিধ্য পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।’
৩ মার্চ সংগীত সন্ধ্যা শেষে শিল্পকলা একাডেমি আয়োজিত শাস্ত্রীয় সংগীতের ৩ দিনের একটি কর্মশালা পরিচালনা করবেন আচার্য জয়ন্ত বোস। শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ৮ মার্চ আচার্য জয়ন্ত বোসকে কেন্দ্র করে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান পংকজ বোস।
আচার্য জয়ন্ত বোস আন্তজার্তিক সংগীতাঙ্গনে এক নক্ষত্র। যিনি একাধারে ভোকাল সিম্ফনি, তাল নাটিকা, তবলা সিম্ফনি, মেলবন্ধন, বেঙ্গলি ক্যানটাটা অপেরা, ক্ল্যাসিক্যাল অর্কেস্ট্রা, মিউজিক মাইম, ওমনি শৃঙ্গার, বেঙ্গলি ফিউশন মিউজিকের স্রষ্টা।

