নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে নিয়ে কানাডার আদালতের দেওয়া রায়ের পর্যবেক্ষণ নিয়ে দেশের গণমাধ্যমে যে বক্তব্য প্রকাশিত হচ্ছে সেটিকে সরকারের ‘চক্রান্তমুলক নাটক’ বলছে বিএনপি।
দলটি বলছে, সরকার একটা উদ্দেশ্যপ্রণোদিত নাটক সাজিয়েছে। আগামী নির্বাচনে আগে তারা এ ধরনের কিছু ঘটনা সৃষ্টি করে জনগণের মাঝে ধোঁয়াশা তৈরি করবে, এটা তাদের উদ্দেশ্য। বিএনপি সন্ত্রাসী সংগঠন হলে আওয়ামী লীগ এই বিষয়ে এক ধাপ এগিয়ে আছে বলেও মন্তব্য দলটির।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কানাডার আদালতের পর্যবেক্ষণ নিয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
কানাডার ফেডারেল আদালত হরতাল-অবরোধে সহিংসতা ও সন্ত্রাসের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার কারণে দলটির এক কর্মীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ দেয়। বুধবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, বিএনপি সন্ত্রাসে ছিল, আছে বা ভবিষ্যতেও থাকতে পারে, এমন ধারণা করার যৌক্তিক কারণ আছে।
এর প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘বিষয়টি কানাডার যে অনলাইনে এসেছে আমরা সেটা দেখিছি। সেটা শওকত আলী সাগরের, তিনি ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। তারা কানাডায় বসে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও নানা ধরনের চক্রান্তের বেড়াজাল তৈরি করছেন।’
তিনি বলেন, ‘এটি বর্তমানের সরকারের একটা উদ্দেশ্যপ্রণোদিত একটি বিষয়, যেটিকে তারা একটি নাটক সাজিয়েছে এবং ওই নাটকটা ওইভাবে তারা তথ্য-প্রমাণ দিয়েছে। বানোয়াট একটা নাটক তারা তৈরি করেছেন।’
‘এই রায়টি গত মাসের ২৫ তারিখে রায় বেরিয়েছে। প্রায় একমাস পেরিয়ে গেল। হঠাৎ করে এর প্রচার দেখতে পেলাম। বিশেষ করে ক্ষমতাসীনদের প্রচারিত মিডিয়ায় প্রচারের ধুম পড়ে গেছে’, বলেন বিএনপির এই নেতা।
স্বেচ্ছাসেবক দলের পরিচয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চাওয়া সেই তরুনের প্রসঙ্গে টেনে রিজভী বলেন, ‘যে স্বেচ্ছাসেবক দল করে সে তার আবেদনে কি বিএনপির বিরুদ্ধে বলবে? সে তো বলবে আমি বাংলাদেশে একটা প্রতিকূলতার মধ্যে আছি, হয়রানি হচ্ছে, মামলা হচ্ছে, টর্চার হতে পারে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হতে পারে, এসব কথা আবেদনে বলবে। সে ওই কথা (বিএনপির বিরুদ্ধে) বলবে কেন?’
‘এই কথাতেই মনে হচ্ছে, এটা একটা সাজানো নাটকের বিষয়। যেটা কানাডায় উপস্থাপন করেছেন, ইমিগ্রেশন বিভাগকে এভাবে ভুল তথ্য তারা দিয়েছেন, বানানো নাটকের ভুল তথ্য দিয়েছেন এবং সেটা তারা কোর্টে নিয়ে গেছেন’, বলেন রিজভী।
সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘কানাডায় যারা প্রসিকিউশন করেছেন, তারা বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে।’
‘সুতরাং শুধু শুধু বিএনপিকে দোষারোপ করার মানে হয় না। এটাকে বিশ্বাস করলে, এটিও বিশ্বাস করতে হবে আওয়ামী লীগও সন্ত্রাসীদের দল। কেউ যদি বিশ্বাস করে যে, বিএনপি সন্ত্রাসী সংগঠন, তাহলে আওয়ামী লীগ এক ধাপ এগিয়ে আছে’, বলেন তিনি।
বিএনপির নেতা-কর্মীদের দমন-পীড়ন, গ্রেপ্তারের পাশাপাশি তুলে নিয়ে গুম করা হচ্ছে অভিযোগ করে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘গত কয়েকদিনে বিরোধীদলের বেশ কয়েকজন নেতা-কর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হলেও তাদের সন্ধান মিলছে না। এজন্য নিখোঁজ হওয়া লোকজনের স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’
এ সময় তিনি অভিযোগ করেন পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন আকনের নির্বাচনী পথসভায় হামলা, ভাংচুর ও নেতা-কর্মীদের মারধর করা হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুল আউয়াল খান, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

