কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার সড়ক দুঘর্টনায় পলাশ (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় সজীব নামের আরেক যুবক মারাত্মক আহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার নওদাপাড়া মাঠের মধ্যে এ দুঘর্টনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, নিহত পলাশ মেহেরপুর থেকে মোটরসাইকেলযোগে তার নিজ বাড়ি মিরপুরে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক পলাশকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন।
এলাকাবাসী ঘাতক ট্রাককে আটক করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পলাশ মিরপুর পৌরসভার মিরপুর হলপাড়া এলাকার পরশ আলীর ছেলে বলে জানা গেছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

