নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় আহত মোছা. শারমিনা (১৮) নামের এক তরুণী ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
রোববার দুপুর ৩টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া।
রোববার সকালে ওই দুর্ঘটনায় আহত ছয়জনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তারা হলেন– ফিরোজা বেগম (৩৫), তার ছেলে মো. মারুফ (১০), মোছা. শারমিনা (১৮), তার শিশু পুত্র রাব্বি(৩), কামরুন্নাহার লিপি (৪০) ও কাওসার মিয়া (৩২)।
বাচ্চু মিয়া জানান, যাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে শরমিনা মারা গেছেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।
প্রসঙ্গত, রোববার সকালে নরসিংদীর বেলাব উপজেলার দড়িয়াকান্দি এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী ও দুজন শিশু।

