স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালে বায়ার্ন মিউনিখ ও পোলান্ডের হয়ে ৪৭ গোল করেন রবার্ট লেভানডফস্কি। বছর জুড়ে এমন দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এবারও পোলিশ বর্ষসেরা পুরস্কার ওঠে তার হাতে।
এর ফলে টানা ষষ্ঠবারের মতো পোল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ঘরে তোলার সুযোগ হয় লেভানডফস্কির। বর্ষসেরা এ পুরস্কারের দৌড়ে তিনি পেছনে ফেলেন কামিল গ্লিক, গারজেগ্রজ ক্রাইচোয়াকি, আরকাদিউসজ ও মাইকাল পাজদানকে।
পোল্যান্ডের সেরা ফুটবলারের পুরস্কার পাওয়ার পর লেভানডফস্কি বলেন, ‘আবারও বর্ষসেরা হতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। এই পুরস্কারটি আমার কাছে খুবই মূল্যবান আর এটা খুবই সম্মানের।’
২০১৬ সালে বুন্দেসলিগার সেরা ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে জিতেছেন ঘরোয়া ডাবল, জাতীয় দল পোল্যান্ডের হয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লেভান্ডভস্কি। যেখানে ২০১৬ ইউরোতে অসাধারণ পারফরম্যান্স করে দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যান। তবে শিরোপা জেতা পর্তুগালের বিপক্ষে পেনাল্টিতে হেরে বিদায় নেয় তারা। গতবার এক পঞ্জিকাবর্ষে বায়ার্নের হয়ে তিনটি হ্যাটট্রিক করেন লেভানডফস্কি।
বুধবার জার্মান কাপে ভলফসবুর্গের মুখোমুখি হবে বায়ার্ন। এরপর চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ম্যাচে আর্সেনালকে ঘরের মাঠে আতিথ্য দিবে লেভানডফস্কির বায়ার্ন।

