নিজস্ব প্রতিবেদক : নারী নির্যাতনকারীদের প্রতিরোধ করার আহ্বান জানিয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, ইভটিজার ও নারী-শিশু নির্যাতনকারীরা সমাজ ও মানবতার শত্রু। এসব অপকর্মকারীকে ক্রসফায়ার দিলে নারী নির্যাতন ও ইভটিজিং থাকবে না।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শ্যামপুর বালুর মাঠে এলাকার অর্ধশত সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সরকারি সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে এসব সেলাই মেশিন বরাদ্দ দেওয়া হয়।
বাবলা বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধ করে তাদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি কর্মক্ষম করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর তাতে সহযোগিতা করছে আমাদের নেতা পল্লীবন্ধু এরশাদ ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।’
তিনি সমাজের বিত্তশালীসহ দেশবাসীকে অসহায় নির্যাতিত নারী ও শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শ্যামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সুলতানা আহমেদ লিপির সভাপতিত্বে
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য সুজন দে, শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাপা সভাপতি কাওসার আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, জহিরুল ইসলাম জহির, শায়লা রহমান, মনি রহমান (আমেনা বিবি), পারুল আক্তার, রুবিনা আক্তার প্রমুখ।

