স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে খেলা হচ্ছে না নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিলের। তার পরিবর্তে নেওয়া হয়েছে ডিন ব্রাউনলিকে।
হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গাপটিলকে সরিয়ে নেওয়া হয়েছে।প্রথম ম্যাচে ডানহাতি এ ওপেনারের ব্যাট থেকে এসেছিল ৬১ রান। পরবর্তীতে ফিল্ডিংয়ে নেমে চোট পান গাপটিল। তৃতীয় ম্যাচে তাকে খেলানো হবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। দলটির কোচ মাইক হেনসন বলেন,‘তাকে ২৪ ঘন্টা মনিটরে রাখা হয়েছে। নেপিয়ারে তাকে খেলানো হচ্ছে না। দলের সঙ্গে সে থাকবে। হ্যামিলটনে তৃতীয় ওয়ানডেতে তাকে পাওয়ার প্রত্যাশা করছি।’
২০১৪ সালের ডিসেম্বরে জাতীয় দলের হয়ে শেষ খেলেছিলেন ডিন ব্রাউনলি। জাতীয় দলের হয়ে ১০ ওয়ানডেতে ২০৩ রান করেছেন ডানহাতি এ ব্যাটসম্যান। ১৪ টেস্টে করেছেন ৭১১ রান। খেলেছেন ৫টি টি-টোয়েন্টিও।

