আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি অভিজাত হোটেলে আত্মঘাতী হামলা চালিয়েছে সন্দেহভাজন জঙ্গিরা।
বুধবার দায়াহ হোটেলের ফটকে বিস্ফোরকভর্তি গাড়ির বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী। এর আগে দুটি বিস্ফোরণ ঘটায় কয়েক হামলাকারী। হোটেলের ফটক দিয়ে ঢোকার সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের গোলাগুলি হয়। হোটেলটি সোমালিয়ার পার্লামেন্টের পাশে অবস্থিত।
জঙ্গিগোষ্ঠী আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে। এ বিষয়ে খবর প্রচার করেছে এই জঙ্গিগোষ্ঠীর রেডিও নেটওয়ার্ক আনদালাস। খবরে বলা হয়, ‘ভারী অস্ত্রে সজ্জিত মুজাহিদিনরা (যোদ্ধা) হামলা চালিয়েছে এবং তারা এখন হোটেলের ভেতরে লড়াই চালিয়ে যাচ্ছে।’
ক্যাপ্টেন মুহাম্মদ হুসেইন জানিয়েছেন, বুধবার সকালের এই হামলার সময় হোটেলটিতে সংসদ সদস্যসহ বেশ কিছু মানুষ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে নিরাপত্তা কর্মকর্তা মেজর আলী হুসেইন রয়টার্সকে জানিয়েছেন, গোলাগুলি চলছে। বিস্তারিত বলার সময় আসেনি।
সংসদ সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও উদ্যোক্তাদের কাছে দায়াহ হোটেলটি অত্যন্ত জনপ্রিয়। তবে বুধবারের হামলায় হতাহতের বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
সোমালিয়ার পশ্চিমাপন্থি সরকারের পতন ঘটাতে বড় বড় কিছু হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।

