গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার দুপুরে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে মুক্তি পান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, জামিনের কাগজ-পত্র যাচাই বাছাই শেষে দুপুর ১টার দিকে এম এ মান্নানকে জামিনে মুক্তি দেওয়া হয়।
জামিনে মুক্তি পাওয়ার পর কারাগেটে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা অধ্যাপক এম এ মান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এম এ মান্নানের আইনজীবী মো. শহীদুজ্জামান জানান, নাশকতার মামলায় অধ্যাপক এম এ মান্নানকে গত বছরের ১৫ এপ্রিল গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে মান্নানকে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত বছরের ১১ ফেব্রুয়ারি মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করেন।
ওই সময় তার বিরুদ্ধে দায়ের হওয়া ২২ মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভের পর তিনি গত বছরের ২ মার্চ কারা মুক্ত হন। এপ্রিল মাসে তিনি মেয়র পদ ফিরে পান। পরে আরেকটি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হলে ফের তাকে বরখাস্ত করা হয় এবং গ্রেপ্তার হন। বর্তমানে তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে।
অধ্যাপক মান্নান গ্রেপ্তারের পর থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ।

