নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মতিঝিল থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় এ পরোয়ানা জারি করা হয়।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে শিমুল বিশ্বাসের হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন শিমুল বিশ্বাস আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে শিমুল বিশ্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আদালত ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ৫ ডিসেম্বর মতিঝিল থানাধীন কমলাপুর বাজারস্থ এলাকায় আসামিরা পরস্পর যোগসাজসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ওই ঘটনায় মতিঝিল থানার উপপরিদর্শক কে এম আজিজুল হক মামলাটি দায়ের করেন।
২০১৬ সালের ১০ মার্চ মতিঝিল থানার উপপরিদর্শক মিজানুর রহমান মামলাটি তদন্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী, আব্দুল আউয়াল মিন্টু, শিমুল বিশ্বাসসহ ৯২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

