নিজস্ব প্রতিবেদক : বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার।১৯৮০ সালের ৩০ ডিসেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষক দল গঠন করেন। শুক্রবার প্রতিষ্ঠার তিন যুগ পার করবে সংগঠনটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নিয়েছে সংগঠনের নেতা-কর্মীরা। কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে কেন্দ্রীয়, জেলা ও থানাসহ সকল ইউনিটের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। সকল জেলা থানা ও ইউনিট পর্যায়ে আলোচনা সভা, র্যালি ও দোয়া মাহফিল আয়োজন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন করবে নেতা-কর্মীরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু।

