নিজস্ব প্রতিবেক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ১৪ মার্চ ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম এসএম মাসুদ জামান আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এদিন ঠিক করেন।
ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবা জানান, বৃহস্পতিবার মামলাটি অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। এজন্য সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ১৪ মার্চ শুনানির পরবর্তী দিন ঠিক করেছেন।
২০১২ সালের ৯ ডিসেম্বর কলাবাগান থানা এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মির্জা ফখরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেন ওই থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ সিকদার।
২০১৪ সালের ২২ অক্টোবর ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার এসআই আসাদুজ্জামান।

