ঢাকাThursday , 29 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীড মনিটরিং সিস্টেম সফটওয়্যারের উদ্বোধন

Link Copied!

Seedsনিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ‘সীড মনিটরিং সিস্টেম’ সফটওয়্যার উদ্বোধন করেছেন। সরকারি ও বেসরকারি পর্যায়ে বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ কার্যাদির পরিবীক্ষণ ও সমন্বয় সাধন শক্তিশালী করার লক্ষ্যে সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। আইডিবি (ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক)’র আর্থিক সহায়তাপুষ্ট ‘মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধিকরণ প্রকল্প’র আওতায় এই কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার পূরণে এটি সহায়ক ভূমিকা পালন করবে। সংশ্লিষ্টরা বলছেন, সীড মনিটরিং সিস্টেম কৃষি মন্ত্রণালয়ের ডিজিটালাইজেশন কার্যক্রমে একটি নবতর সংযোজন।
সূত্র জানায়, এই সফটওয়্যারের মাধ্যমে সরকারি ও বেসরকারি পর্যায়ে বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম পরিবীক্ষণ এবং সমন্বয় সাধন শক্তিশালী করা সম্ভব হবে। এর মাধ্যমে বীজ অনুবিভাগ হতে নিবন্ধিত সরকারি ও বেসরকারি সকল বীজ ডিলারের হালনাগাদ তথ্য এবং বাংলাদেশে উৎপাদিত, আমদানিকৃত, রপ্তানিকৃত এবং বিক্রয়কৃত প্রত্যেক ফসলের জাত ও শ্রেণি অনুযায়ী হালনাগাদ তথ্য পাওয়া যাবে। এছাড়া বাংলাদেশে উদ্ভাবিত নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত ফসলের সকল জাতের ছাড়করণ ও নিবন্ধন সম্পর্কিত তথ্যও পাওয়া যাবে এই সফটওয়্যারের মাধ্যমে।
সীড মনিটরিং সিস্টেম সফটওয়্যারে সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন প্রায় সকল সংস্থা (নোডাল পয়েন্ট) যুক্ত রয়েছে। সফটওয়্যারে যুক্ত হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই), তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), বীজ প্রত্যয়ন এজেন্সি (এসসিএ), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), উদ্ভিদ সংগনিরোধ উইং (ডিএই)। এছাড়া, বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ)-ও যুক্ত হয়েছে এই সফটয়্যারে।
সফটওয়্যারটি যেভাবে কাজ করবে (কার্য প্রক্রিয়া) :
নার্সভুক্ত প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন জাতের ব্রিডার বীজ উৎপাদন এবং বিতরণ সংক্রান্ত তথ্য নোডাল পয়েন্ট হতে সিস্টেমে সন্নিবেশিত হবে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) উৎপাদিত বিভিন্ন ফসলের বীজ উৎপাদন এবং বিক্রয় সংক্রান্ত তথ্য সীড মনিটরিং সফটওয়্যারে সন্নিবেশিত করবে।
বীজ প্রত্যয়ন এজেন্সী (এসসিএ) বীজের শ্রেণিভিত্তিক প্রত্যয়নের তথ্য সিস্টেমে সন্নিবেশিত করবে। এছাড়া ভেজাল বীজ, অবৈধ বীজ বিক্রয়কারি এবং বাজারজাতকারীদের তালিকা সন্নিবেশিত করবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) কৃষক পর্যায়ে উৎপাদিত বিভিন্ন ফসলের মানঘোষিত বীজের তথ্য সিস্টেমে সন্নিবেশিত করবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইং দেশের সকল বন্দরভিত্তিক বীজ আমদানি ও রপ্তানির তথ্য সিস্টেমে সন্নিবেশিত করবে।
বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ) বেসরকারি সংস্থা কর্তৃক উৎপাদিত, বিক্রয়কৃত ও আমদানিকৃত জাত ও শ্রেণিভিত্তিক বীজ তথ্য সিস্টেমে সন্নিবেশিত করবে।
কৃষি মন্ত্রণালয়ের বীজ অনুবিভাগ নিবন্ধিত সরকারি ও বেসরকারি সকল বীজ ডিলারের তালিকা এবং বাংলাদেশে উদ্ভাবিত ও আমদানিকৃত নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত ফসলের সকল জাতের রেজিষ্ট্রেশন সম্পর্কিত যাবতীয় তথ্য সিস্টেমে সন্নিবেশিত করবে। বীজ অনুবিভাগ সকল নোডাল পয়েন্টের সাথে সংযুক্ত থাকবে এবং সকল নোডাল পয়েন্টের অধিক্ষেত্রে প্রবেশাধিকার থাকবে।
তথ্য সংরক্ষণ :
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় বীজ বোর্ড হতে গৃহীত সিদ্ধান্তসমূহ ধারাবাহিকভাবে সফটওয়্যারে সংরক্ষিত রয়েছে। মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধিকরণ প্রকল্প হতে প্রণীত-১২টি ম্যানুয়াল সফটওয়্যারে সংরক্ষিত আছে। সময়ে সময়ে প্রকাশিত বীজ সংক্রান্ত তথ্য এ সফটওয়্যারে সংরক্ষণ করা হবে।
জানতে চাইলে মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মুহাঃ আজহারুল ইসলাম দৈনিক পাঞ্জেরীকে বলেন, সীড মনিটরিং সফটওয়্যার দেশে মৌল, ভিত্তি, প্রত্যায়িত ও মানসম্পন্ন বীজ উৎপাদন, বাজারজাতকরণ ও আমদানি মনিটরিং সহজতর করার পাশাপাশি বীজ সেক্টরে সিদ্ধান্ত গ্রহণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সফটওয়্যারটি প্রয়োজন অনুযায়ী সময়ে সময়ে হালনাগাদ করা যাবে বলেও জানান তিনি।