নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন প্রণয়নে রাষ্ট্রপতি একমত পোষণ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
শিরীন আখতার বলেন, আমাদের মূল প্রস্তাবের মধ্যে রয়েছে, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী ইসি গঠনের জন্য সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা। প্রতিবার এ বিষয়টি নিয়ে আমরা আলাপ-আলোচনা চাই না। বরং আমরা চাই, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী একটি আইনি কাঠামো তৈরি করা হোক।
তিনি বলেন, বিশেষভাবে আমরা আরো বলেছি, ন্যূনতম একজন নারী সদস্য যাতে নির্বাচন কমিশনে থাকে। কারণ, দেশের নাগরিকদের অর্ধেক নারী। তাই এই নির্বাচন কমিশনে ন্যূনতম একজন নারীর অন্তর্ভুক্তি চাই। তবে এটা বেশি হলে আপত্তি নাই।
তিনি আরো বলেন, আমরা একটা যুদ্ধের মধ্যে চলছি। বাংলাদেশকে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত করার জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য আবার লড়াই শুরু করেছি। সেই ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তি যারা সংবিধানের চার মূলনীতিতে বিশ্বাসী ও আস্থাশীল তাদের নিয়েই ইসি গঠনের দাবি করেছি।
এক প্রশ্নের জবাবে শিরীন আখতার বলেন, রাষ্ট্রপতি আইনি কাঠামো তৈরি করে নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে একমত পোষণ করেছেন। তিনি সবার সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
অপর এক প্রশ্নের জবাবে জাসদ নেত্রী বলেন, রাষ্ট্রপতি সবার সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, আমরা সে সিদ্ধান্তেই সন্তুষ্ট থাকব।
জাসদ নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপকালে ৭ দফা দাবি পেশ করেছে।
সোমবার বিকেলে সাড়ে ৩টার দিকে জাসদের ১২ সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে যায়। বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এর আগে বর্তমান নির্বাচন কমিশন গঠনের সময় আলোচনা হয়েছিল। এই কমিশন অগ্রহণযোগ্য, কোনো রাজনৈতিক দল থেকে এমন অভিযোগ পাওয়া যায়নি। তাই সেই সময়ের আলোচনা ফলপ্রসূ হয়েছে। এবারের আলোচনাও ফলপ্রসূ হবে এবং রাষ্ট্রপতি একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবেন বলে আশা করি।
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে জাসদের প্রতিনিধিদলে ছিলেন- সংগঠনের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, উপদেষ্টামণ্ডলীর সদস্য ডা. এম এ করিম, স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি ইকবাল হোসেন খান, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, অ্যাডভোকেট জিকরুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আখতার ও নাদের চৌধুরী।

