নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘জনগণ ভোট দেওয়ার অধিকার পেয়েছে, এটাই বড় কথা।’ বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় নারায়ণগঞ্জ শহরের চাষারার পুরাণ কোর্ট এলাকায় নিজ বাসভবনে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নাসিক নির্বাচনে অদৃশ্য অনিয়ম হয়েছে, এ অভিযোগ করে তিনি বলেন, ভোট গণনায় গণ্ডগোল আছে।
নাসিক নির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
১৭৪টি কেন্দ্রে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬ হাজার ৪৪ ভোট। বৃহস্পতিবার সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

