নিজস্ব প্রতিবেদক : দেশে এক হাজার শয্যাবিশিষ্ট একটি আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যেই এ নিয়ে কাজ শুরু করেছে।এ দেশের স্বাস্থ্য খাতকে বিশ্বে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে সবকিছু করা হবে, স্বাস্থ্য খাতের সংস্কারই এখন মূল লক্ষ্য।’
সম্প্রতি চীন সফরকালে স্বাস্থ্যমন্ত্রী নিজেও সে দেশের সরকার ও উদ্যোক্তাদের কাছে বাংলাদেশে এ ধরনের একটি হাসপাতাল নির্মাণে সহায়তা চেয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘খুব শিগগিরই চীনের একটি প্রতিনিধিদল হাসপাতাল নির্মাণে সমীক্ষা চালাতে বাংলাদেশে আসবে।’
স্বাস্থ্যমন্ত্রী আজ (বুধবার) রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট ও হাসপাতালে বিজয়ের মাস ও বিনামূল্যে স্তন ক্যান্সার পরীক্ষা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোয়াররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমস্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, ‘দেশের দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে শিল্পপতি ও ব্যবসায়ীদের এগিয়ে আসা উচিত। তারা যদি নিজ উদ্যোগে সরকারি হাসপাতালে একটি ল্যাবরেটরি বা একটি ওয়ার্ড নির্মাণ করে দেন, অথবা একটি আধুনিক মেশিন ডোনেট করেন, তবে দেশের দরিদ্র মানুষরাই উপকৃত হতো।’ মন্ত্রী আরও বলেন, ‘দেশের স্বাস্থ্যখাতে বিদ্যমান সব সমস্যার সমাধানে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
হাসপাতালকে তীর্থস্থান মনে করে মানুষকে সেবা দিতে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে রোগীদের সেবা দিতে হবে। নিজের ঘরবাড়ির যত্ন নিতে পারলে কর্মস্থল হাসপাতালের যত্ন নিতে কেন পারবেন না? যে যন্ত্রপাতি দিয়ে রোগীর সেবা দেবেন সেই যন্ত্র সবসময় যেন সচল থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে।’ নিয়মিত হাসপাতাল চত্বর, টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রতিও আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে গত বছর থেকে বিজয়ের ডিসেম্বরে মাসব্যাপী বিনামূল্যে স্তন ক্যান্সার পরীক্ষা কর্মসূচি পালন করে আসছে জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট। চলতি মাসে এযাবত ৫শ নারীর স্তন ক্যান্সার পরীক্ষা সম্পন্ন হয়েছে এই ইন্সটিটিউটে।

