নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)’র মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট বিজ্ঞানী ড. মো. মনজুরুল আলম। গত ৮ ডিসেম্বর বাংলাদেশ সরকারের নির্বাহী আদেশে তিনি নিয়োগপ্রাপ্ত হন। ইতোপূর্বে তিনি বিজেআরআই’র পাট বিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা (জুট জিনোম) প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হিসেবে কর্মরত ছিলেন।
প্রথিতযশা বিজ্ঞানী ড. মনজুরুল আলম ১৯৮৭ সালে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা (এসও) হিসেবে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন সময়ে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি জামালপুর জেলার সদর উপজেলার মৌহাডাঙ্গা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মো. মজিবর রহমান, মাতা মোছা. খোদেজা খাতুনের ৪ সন্তানের মধ্যে তিনি প্রথম। মো. মনজুরুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তোষা ও দেশি পাট এবং পাটের সবচেয়ে ক্ষতিকারক ছত্রাক মেক্রোফিমিনা ফেসিওলিনাসহ ৩টি জেনোম উন্মোচনে তার কর্মতৎপরতা এবং ঐকান্তিক প্রচেষ্টা বিশেষভাবে উল্লেখযোগ্য। জেনোম গবেষণায় তাঁর অসামান্য অবদানের বিষয়টি এ সেক্টরের সর্বজনবিদিত। তিনি বিজেআরআইতে একজন কর্মচঞ্চল, সৎ এবং দক্ষ ব্যবস্থাপক হিসেবে প্রসিদ্ধ। ড. মো. মনজুরুল আলম গবষেণা প্রকল্প পরিকল্পনা, প্রণয়ন এবং মূল্যায়নে বিশেষ পারদর্শী। আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনায় আন্তঃবিভাগীয় ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ সমন্বয়ের মাধ্যমে গবেষণা কার্যক্রম সুষ্ঠু পরিচালনায় তার দীর্ঘ দিনের অভিজ্ঞতা রয়েছে। মৃত্তিকা বিজ্ঞানী হিসেবে পাট ফসলের উন্নত জাতের উপযোগী সারের প্রয়োগমাত্রা, সঠিক সময় ও বপন পদ্ধতি নিরূপনে তিনি দীর্ঘ সময় কাজ করেছেন। তার যোগদানে বিজেআরআই’র সকল বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারি উচ্ছ্বাস প্রকাশ করে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বিজেআরআইকে আরো সমৃদ্ধকরণের মাধ্যমে বাংলাদেশের পাট ও পাটশিল্পকে বিশ্ব দরবারে অত্যন্ত প্রশংসনীয় অবস্থানে নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
ড. আলমের প্রায় ৪৩টি বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতি, বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতি, ইডাফস, জামালপুর সমিতি (ঢাকা)’র আজীবন সদস্য।

